নিউজ ডেস্ক : মুম্বাই টেস্টে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য থেকে ৩৬ রান দূরে থেকেই ৭ উইকেট হারিয়েছিল স্বাগতিক ভারত। কিন্তু তখনও ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি।
আছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। দুইজনে উইকেটে সেট হয়ে গেলে এই ভারতকে থামানো যে কতটা কষ্টসাধ্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কুক বাহিনী। তৃতীয় দিনে ১৪৭ রানে অপরাজিত কোহলি চতুর্থ দিনে ইনিংসটাকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে। তাদের অনবদ্য ব্যাটিংয়ে এখন উড়ছে ভারত!
চতুর্থ দিনে এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি ভারত। ৪৫১ রানে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা লাঞ্চের আগ পর্যন্ত ৫৭৯ রান সংগ্রহ করেছে। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে আছেন রবীন্দ্র জাদেজা। ৩০২ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করার পথে ২৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন। বল উড়িয়ে মাঠের বাইরে পাঠাননি একবারও। চলতি বছরে কোহলির এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। তার এই অনবদ্য ব্যাটিং শৈলীতে চালকের আসনে টিম ইন্ডিয়া।
অন্যদিকে সমানতালে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। ১০৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ১৮৪ বলে ১৩ বাউন্ডারিতে ৯২ রান অপরাজিত আছেন। দূর্ভাগ্যজনক কিছু না ঘটলে ভারতের প্রথম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন অংকে পৌঁছবেন তিনি। চতুর্থ দিনের এই পরিস্থিতে এখনও পর্যন্ত মুম্বাই টেস্টের ভাগ্যে ড্র লেখা হয়ে গেছে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে ভারত।

Be the first to comment on "অনবদ্য কোহলির দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে উড়ছে ভারত!"