নিউজ ডেস্ক : আবারও মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। দুই দলের রয়েছে পুরনো হিসাব মেটানোর পালা।
কিন্তু এই ‘বদলা’ শব্দটাতে ভীষণ আপত্তি মিকি আর্থারের। তিন টেস্টের সিরিজ শুরুর চার দিন আগে এমন মনোভাব ব্যক্ত করলেন পাক কোচ। কোচ হিসেবে দলকে সম্প্রতি অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। সেই রাগ তার এখনও আছে!
আর্থারের কোচিংয়েই মিসবাহ-উল হকরা টেস্টে শীর্ষস্থান দখল করেছিল। এবার কঠিন পরীক্ষা তাদের সামনে। সামলাতে হবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে। যদিও অস্ট্রেলিয়া যে ভালো অবস্থানে আছে এমনটা বলা যাবে না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারতে হয়েছে। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। বয়ে গেছে সমালোচনার ঝড়।
আর্থার ১৮ মাস অস্ট্রেলিয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু ২০১৩র মাঝামাঝি তার চাকরি চলে যায়। যা মেনে নিতে পারেননি আর্থার। সেই ঘটনায় অজিদের ওপর কিছুটা হলেও মনঃক্ষুণ্ন তিনি। তাই আসন্ন সিরিজে ভালো ফল করতে মরিয়া আজহারদের গুরু। যদিও তিনি বলছেন, “লড়াই হবে অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের। দুটো শক্তিশালী দল খেলবে। সে দিকেই ফোকাস রাখছি। দুটো দলেই অনেক প্রতিভা আছে। আমি একটা উত্তেজনাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি। “
তবে পরমুহূর্তেই কথার প্রসঙ্গ পাল্টে বলেছেন, “অস্ট্রেলিয়া কোচের পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি আঘাত পেয়েছিলাম। তবে এটাই দুনিয়া। কখন কী ঘটে যাবে কেউ জানে না।

Be the first to comment on "অস্ট্রেলিয়ার ওপর রাগ পুষে রেখেছেন পাকিস্তান কোচ!"