নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফরের জন্য স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছিল পেসার রুবেল হোসেন এবং বিপিএলে দারুণ ব্যাটিং করা ওপেনার মেহেদী মারুফকে। দুই পেসার মোহাম্মদ শহীদ এবং শফিউল ইসলামের ইনজুরির সুবাদে সুযোগ পান এই দুজন।
তবে হাতে অল্প সময় থাকায় ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছিলেন তারা। সেই জটিলতার অবসান হয়েছে। তাই আজ অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিচ্ছেন রুবেল ও মারুফ।
বিপিএল শেষ হওয়ার আগেই মুশফিকুর রহিমের নেতৃত্বে প্রথম ধাপে অস্ট্রেলিয়া যায় ১২ জন ক্রিকেটার। এরপর মাশরাফির নেতৃত্বে আরও ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। মাশরাফিদের সাথে সাকিব যাননি। বিপিএল শিরোপাজয়ী ঢাকার অধিনায়ক দুটো দিন একটু বিশ্রাম চেয়েছিলেন। তিনিও গতকাল রাতে চলে গেছেন। তবে সাকিবের সঙ্গী হতে পারেননি রুবেলরা।
এদিকে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে আগে পৌঁছা ক্রিকেটাররা। গতকাল তাদের প্রথম অনুশীলন সেশন ছিল। সেখানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ, তাসকিনরা। অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়াল দেবে টিম টাইগার। এর আগে সেখানে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফিরা।

Be the first to comment on "অবশেষে অস্ট্রেলিয়া যাওয়ার ছাড়পত্র পেলেন রুবেল-মারুফ"