নিউজ ডেস্ক : আরও আগেই টেস্টের এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন ভারতের স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন। ফর্মের তুঙ্গে থাকা ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের সাফল্যের মুকুটে একের পর এক পালক যুক্ত হচ্ছে।
মুম্বাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট শিকার করে ইংলিশ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ বা ততোধিক উইকেট শিকারের ক্ষেত্রে ভারতের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেবকে পেছনে ফেলেছেন তিনি।
৪৩ টেস্টে ২৪তম বারের মতো ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন অশ্বিন। অন্যদিকে ১৩১ টেস্টে ২৩ বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন কপিল। ভারতের হয়ে এই তালিকায় অশ্বিনের সামনে আছেন দলের বর্তমান কোচ ও সাবেক অধিনায়ক অনিল কুম্বলে ও হরভজন সিং। কুম্বলে ৩৫ বার ও হরভজন ২৫ বার এমন কীর্তি গড়েছিলেন।
এ ছাড়া বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত ২৪ বার ৫ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ডও গড়লেন অশ্বিন। দ্রুততম সময়ে ২৪বার ৫ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড ইংল্যান্ডের সিডনি বানর্সের। ১৯০১ সালে টেস্ট অভিষেকের পর ২৭ টেস্টে গিয়ে ২৪তম বারের মতো ৫ বা তার বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন বানর্স।
বার্নসের পরই এতদিন এই তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। নিজের ক্যারিয়ারের ৫৮ টেস্টে এমন রেকর্ডের মালিক হয়েছিলেন মুরালি। তবে অশ্বিনের জন্য এখন দ্বিতীয় স্থান ছেড়ে দিতে হচ্ছে মুরালিকে।
২০১১ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৪৩ টেস্ট খেলেছেন অশ্বিন। ৮০ ইনিংস বল করে উইকেট নিয়েছেন ২৪৭টি। সেরা বোলিং ফিগার ৫৯ বলে ৭ উইকেট। আর ৬১ ইনিংস ব্যাট করে ৩৪.২৯ গড়ে রান করেছেন ১৭৪৯। চার সেঞ্চুরি এবং ৯ হাফ সেঞ্চুরি সহ তার সর্বোচ্চ ইনিংস ১২৪।

Be the first to comment on "কপিল দেব-মুরালিধরনকে ছাড়িয়ে গেলেন অশ্বিন!"