নিউজ ডেস্ক : আর মাত্র দুদিন পর বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে সফরকারী পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। মেলবোর্নে অনুষ্ঠিতব্য এই টেস্ট নিয়ে দর্শকদের আগ্রহ চরমে।
পাশ্চাত্যে দিনটি ছুটির দিন হওয়ায় স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ঢল নামবে তা বলাই বাহুল্য। কিন্তু সবকিছু ভন্ডুল হতে চলেছে বিকৃত মনষ্ক সন্ত্রাসীদের জন্য!
মেলবোর্নে আজ শুক্রবার সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ৭ ব্যক্তিকে গ্রেপ্তারের পর এই শংকা দেখা দিয়েছে। তারা ইসলামী জঙ্গিদল আইএসের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব বড়দিনে তাদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে মেলবোর্ন পুলিশ। সন্ত্রাসীদের টার্গেট ছিল মেলবোর্ন ফ্লাইন্ডার্স স্ট্রিট রেল স্টেশন। যার খুব কাছেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এমতাবস্থায় দর্শক সংখ্যা নিয়ে দেখা দিয়েছে শংকা।
বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে ঘোষণা দিয়েছে মেলবোর্ন পুলিশ। একইসঙ্গে টেস্ট ম্যাচটিতেও থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, “আমাদের প্রতিনিধিরা মেলবোর্নের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। বক্সিং ডে টেস্ট ও সারা দেশে চলা ক্রিকেট ম্যাচগুলোর সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি আমরা। ”
জানা গেছে, ইতিমধ্যেই গ্রেপ্তার ৭ জনের মধ্য থেকে ২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ক্রিকেট ম্যাচগুলোর বিষয়ে কোনো হুমকি এখনও পর্যন্ত পুলিশের গোচরে আসেনি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাশটন।

Be the first to comment on "অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে জঙ্গি হামলার আশংকা!"