নিউজ ডেস্ক : ঠিক কত ট্রান্সফার ফি নিয়ে নেইমার স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তা নিয়ে অনেক গুজব আছে। বিতর্কও আছে অনেক।
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ সেই বিতর্কটাই নতুন করে উসকে দিলেন। বার্তামেউয়ের সৌজন্যেই নেইমারের আসল বেতনের অংক এবার প্রকাশ্যে চলে এলো!
বার্তামেউয়ের দাবি, নেইমারকে কিনতে মাত্র ২ কোটি ৪৫ লাখ ইউরো খরচ হয়েছে বার্সার। শুরুতে যে অংকটার কথা শোনা গিয়েছিল, এটা তার চেয়ে অনেক কম। শুরুতে বলা হয়েছিল, ৫ কোটি ৭১ লাখ ইউরো বিনিময়ে তাকে দলে টেনেছে বার্সেলোনা। কিন্তু পরে বার্সেলোনা সভাপতির ভাষ্য অনুযায়ী নেইমারের পরিবারকে দেওয়া অর্থ হিসাব করলে অংকটা আসলে দাঁড়ায় ৮ কোটি ৬২ লাখ ইউরো! মাঝে বার্সেলোনা থেকে পাওয়া অর্থের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। ব্যাপারটা আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে।
শেষ পর্যন্ত স্পেনের আদালতে স্প্যানিশ কর বিভাগের সঙ্গে একটা আপসও করেছে বার্সা। সবশেষে এখন বার্সা সভাপতি বলছেন, “নেইমারকে কিনতে আমাদের ১ কোটি ৭০ লাখ ইউরো খরচ হয়েছে। এর পাশাপাশি আদালতে মামলাটার আপসরফা করতে খরচ হয়েছে ৫০ লাখ ইউরো। এ ছাড়া ব্যালন ডি’অরের সেরা তিনে থাকলে তাকে একটা বোনাস দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে অংকটা ২ কোটি ৪৫ লাখ ইউরো। ”
বার্তামেউ এর এই উক্তি নেইমারের সম্মানী নিয়ে বিতর্কের সমাপ্তি টানবে না নতুন করে বিতর্ক উসকে দেবে তা সময়ই বলে দেবে। তবে এতে এমএসএন ত্রয়ীর মাঠের খেলায় কোনো প্রভাব পড়বে না।

Be the first to comment on "বার্সেলোনায় নেইমারের ‘আসল বেতন’ ফাঁস!"