নিউজ ডেস্ক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সফলতা কামনা করে ক্ষমতাসীন দলটি দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফখরুল বলেন, দেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ দলের জাতীয় কাউন্সিলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব আওয়ামী লীগের কাউন্সিল সফল হবে। একইসঙ্গে এটাও আশা করি, এই কাউন্সিলের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবার জন্যে তারা তাদের ভূমিকা পালন করবেন। বিএনপি শুধু নয়, দেশের মানুষের একটাই প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব উপযুক্ত ভূমিকা পালন করুক।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আনা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা পালন করবে। দেশে যে সংকট সৃষ্টি হয়েছে এ থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেবে। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দাওয়াত পেলে আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৩ সালের দুর্ভিক্ষের পর বাংলাদেশ যখন ক্রমান্বয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছিল তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে উন্নতির দিকে নিয়ে যান। তিনি দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাধ্যমে দেশের সঙ্কট মোকাবিলা করেছেন। জিয়াউর রহমানই প্রথম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবিহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শায়রুল কবির খান প্রমুখ।

Be the first to comment on "আওয়ামী লীগের কাউন্সিলের সফলতা কামরা করেছে বিএনপি"