শিরোনাম

আমেরিকার জার্মান কোচ ক্লিন্সমান বরখাস্ত

নিউজ ডেস্ক : গেল বৃহস্পতিবার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ডিনার করেছেন জার্গেন ক্লিন্সমান। জার্মান কিংবদন্তি তখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ। ওই নৈশ ভোজে জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মারকেল, বেশ কয়েকজন নোবেল বিজয়ী, প্রখ্যাত অ্যাস্ট্রোনটরা ছিলেন। বার্লিনের ওই রঙিন রাতে সব কিছু ঠিক ছিল।

শুক্রবার বর্তমান স্থায়ী আবাস ক্যালিফোর্নিয়ায় ফিরেছেন ক্লিন্সমান। তার দলের সাম্প্রতিক দুই হারের সমালোচনা নিয়ে তেমন উত্তেজনা দেখাননি। মিডিয়া তখন সরব। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ তো এখনো আছে আমেরিকার। ক্লিন্সমান মনে করিয়ে দিয়েছিলেন কোচ হিসেবে তার রেকর্ড। বলেছিলেন, তাকে বাদ দেওয়া হতে পারে এমন ভাবনায় উদ্বিগ্ন নন।

সোমবার ক্লিন্সমানের চাকরি গেল। তিনি আর এখন আমেরিকার জাতীয় ফুটবল দলের কোচ নন।

যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থার প্রধান দুই কর্মকর্তা লস অ্যাঞ্জেলসে ক্লিন্সমানের সাথে বৈঠক করেছেন। তারপর এসেছে ঘোষণাটি। এখনো অবশ্য ক্লিন্সমানের উত্তরসূরীর নাম ঘোষণা করা হয়নি। তবে সাবেক কোচ ব্রুস অ্যারেনার নাম শোনা যাচ্চে। ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত আমেরিকার কোচ ছিলেন তিনি।

মেক্সিকোর কাছে বিশ্বকাপ বাছাই পর্বে হারার পর কোস্টারিকার কাছে গত মঙ্গলবার ৪-০ গোলে হারে আমেরিকা। ২০১১ সালে দারুণ ঝড় তুলে আমেরিকা দলের দায়িত্ব নেন ক্লিন্সম্যান। ২০১৪ বিশ্বকাপে নিয়েছিলেন দলকে। কিন্তু ব্যর্থতা কখনো কখনো বড় নামের সাফল্যও ভুলিয়ে দেয়। ক্লিন্সমানের ক্ষেত্রে ঘটলো সেটাই।

basic-bank

Be the first to comment on "আমেরিকার জার্মান কোচ ক্লিন্সমান বরখাস্ত"

Leave a comment

Your email address will not be published.


*