নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি ডাকাতের বোমা হামলায় নিহত হয়েছেন। বোমায় আহত হয়েছেন লিটন হোসেন (৩৫) নামের এক যুবক।
গতকাল বুধবার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, রাত ১টার দিকে কুলপালা গ্রামের পশ্চিমপাড়ায় মৃত বাদল মণ্ডলের ছেলে নাসির উদ্দিনের বাড়ির পাশে ৭-৮ জন যুবককে নিচু স্বরে কথা বলতে দেখতে পান নাসির উদ্দিন। তাদেরকে চোর মনে করে নাসিরউদ্দিন চিৎকার করেন। এ সময় বাড়ির অন্যরাও চিৎকার শুরু করলে ডাকাতদল নাসিরউদ্দিনের বাড়ির ভেতর ঢুকে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং এর স্প্রিন্টারের আঘাতে আহত হন নাসির উদ্দিন। ইতিমধ্যে প্রতিবেশিরাও ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় আরো একটি বোমা ছুড়ে মারে। এতে গ্রামের মিয়াজান মণ্ডলের ছেলে লিটন হোসেন আহত হন।
গ্রামের লোকজন নাসির উদ্দিন ও লিটনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আগেই মারা গেছেন নাসির উদ্দিন। আহত লিটনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

Be the first to comment on "আলমডাঙ্গায় ডাকাতের বোমায় নিহত ১, আহত ১"