নিউজ ডেস্ক : আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাসেল দেওয়ান নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। রবিবার ভোরে আশুলিয়ার কুরগাঁও এলাকার চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে কুরগাঁও চারিপাড়া এলাকায় অভিযান চালালে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় পুলিশের সাথে সন্ত্রসীদের গোলাগুলির এক পর্যায়ে রাসেল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত রাসেলের নামে চারটি অস্ত্র মামলাসহ সাভার ও আশুলিয়া থানায় ১৬টি মামলা রয়েছে।

Be the first to comment on "আশুলিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্র-গুলি উদ্ধার"