নিউজ ডেস্ক : রোগীর সাথে অপ্রীতিকর ঘটনার জেরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিতাদেশসহ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ রবিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে দিনাজপুরের মেডিক্যাল কলেজের দেড় শ ইন্টার্ন চিকিৎসক। গতকাল শনিবার সকাল থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে তারা।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. সরল চন্দ্র রায় জানান, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছেন দিনাজপুরের মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক সাথে সমন্বয় করছেন তারা। বিশেষ মেডিক্যাল টিম গঠনের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের সংকট সমাধানে (মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিএমএ নেতৃবৃন্দের সাথে আজ বিকেলে আলোচনা আহ্বান করা হয়েছে।
দাবি পূরণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে রোগীরা ছুটছেন বেসরকারি ক্লিনিকে।

Be the first to comment on "ইন্টার্ন চিকিৎসক ধর্মঘট, দিনাজপুরে বিশেষ মেডিক্যাল টিম গঠন"