শিরোনাম

একটি স্বপ্নের অপমৃত্যু

নিউজ ডেস্ক : ইতিহাসই গড়লো বাংলাদেশ। তবে তা মোটেও কোন সুখকর ইতিহাস নয়, বরং ব্যর্থতার। টেস্টের প্রথম ইনিংসে ৫৯৫ রান বা এর বেশি ম্যাচ হারার কোনো রেকর্ড নেই। সেই রেকর্ডই ভেঙে দিল আজ বাংলাদেশ। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে জিততে নিউজিল্যান্ডের দরকার ছিল ২১৭ রান। যা ৩ উইকেটেই পূর্ণ করেছে কিউইরা।

২১৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরেছেন টম ল্যাথাম। তবে দুই ওপেনারকেই ফিরিয়ে আশা জাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩২ রানে ল্যাথামের ক্যাচটা নিজেই ধরেছেন। জিত রাভালও বোল্ড হয়েছেন মিরাজের বলে। কিন্তু বাংলাদেশের ম্যাচে ফেরার আশা দুরাশায় রূপ দিয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।

টেইলর ব্যক্তিগত ৬০ রানে আউট হলেও উইলিয়ামসন নিজের টেস্ট ক্যারিয়ারে ১৫তম শতকের দেখা পেয়েছেন। তিনি অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন। এ ইনিংসটি তিনি ১৫টি চারের মারে সাজিয়েছেন।

বাংলাদেশের হয়ে মিরাজ দুটি এবং শুভাশিষ রায় একটি উইকেট তুলে নেন।

ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দুরন্ত পারফরম্যান্স করলেও দ্বিতীয় ইনিংসে আবারও তারা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান সংগ্রহ করতেই হারিয়ে বসেছে সব উইকেট। ফলে কিউইদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২১৭ রান। তবে এই রান তাদের ৫৭ ওভারে করতে হবে।

ম্যাচের শেষ দিনে বাংলাদেশ ৩ উইকেটে ৬৬ রান নিয়ে মাঠে নামে। যতক্ষণ মাঠে টিকে থাকা যায়, এই লক্ষ্যই ছিল দলের। তবে এই লক্ষ্যে মোটেও সফল হতে পারেনি তারা। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সাকিব এদিন শূন্য রানেই ফিরে গিয়েছেন সাজঘরে।

এরপর মুমিনুলও আশাব্যঞ্জক কোন ইনিংস খেলতে পারেননি। ২৩ রানে ফিরে গিয়েছেন। শুধুমাত্র সাব্বির এদিন হাফ সেঞ্চুরি করেন। তবে তিনিও ৫০ রান করেই পথ ধরেন প্যাভিলিয়নের। আর কোন ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

মুশফিক উইকেটে কিছুটা ভালো সময় পার করার ইঙ্গিত দিলেও মাত্র ১৩ রানই আবারও রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছেন। আগের দিনে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা ইমরুল কায়েস এদিন মাঠে নামলেও তাকে সঙ্গ দেওয়ার কোন ব্যাটসম্যান শেষ অব্দি ছিল না। ফলে ১৬০ রানেই অলআউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।

কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি এবং মিচেল স্যান্টনার ও নিল ওয়েগনার ২টি করে উইকেট নিয়েছেন। আর টিম সাউদি নিয়েছেন একটি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৮ উইকেটে ৫৯৫ রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৫৩৯ রানে।

basic-bank

Be the first to comment on "একটি স্বপ্নের অপমৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*