নিউজ ডেস্ক : নোট বাতিল হওয়ার পর ভারতে এমন ঘটনা সম্ভবত এই প্রথম। পাটনায় এটিএম লুটের চেষ্টা করা হলো এবার।
ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন রক্ষী।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালে শহরের মৌর্য লক এলাকায় সেন্ট্রাল ব্যাংকের এটিএম বুথে হানা দিয়ে নগদ টাকা লুট করতে যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারী। বাধা দিলে তারা গলা কেটে খুন করে রক্ষীকে। নিহত রক্ষীকে দীপক কুমার বলে শনাক্ত করা হয়েছে। বুথের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়। রক্ষীর হত্যাকারীদের গ্রেপ্তার চান তারা। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেন।
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পাটনার পুলিশ সুপার মনু মহারাজ। তিনি বলেন, অপরাধীরা ধরা পড়বেই। আমরা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি। ঘটনাস্থল থেকে পারিপার্শ্বিক প্রমাণও হাতে এসেছে।
জানা গিয়েছে, শহরের মৌর্য লক অভিজাত এলাকা বলে পরিচিত। সর্বক্ষণ পুলিশ পাহারা থাকে বলে এলাকাটি নিরাপদ বলেও সবাই জানে। কিন্তু সেখানেই কী করে এমন ঘটনা ঘটল, সেই প্রশ্নই উঠছে।
সূত্র : এবিপি

Be the first to comment on "এটিএম লুটের চেষ্টা, নিরাপত্তারক্ষী খুন"