নিউজ ডেস্ক : রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মোশাররফ হোসেন ভুঁইয়া (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আজ সোমবার বিকেলে পল্টনের কালভার্ট রোডের ৩৭/২ ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্য দস্তগীরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে এই ঘটনা ঘটে। দস্তগীর আওয়ামী লীগের সংসদ সদস্য।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। সেখানে পুলিশ গেছে। বিষয়টি জানার চেষ্টা চলছে। ’
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মোশাররফ হোসেন ভুঁইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এমপি দস্তগীরের এপিএস কামরুজ্জামান। তিনি জানান, আজ বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকার পল্টনে এমপির অফিসে আসেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। সেখানে সন্ধ্যায় হঠাৎ একটি গুলির শব্দ হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার তলপেটেও গুলি লেগেছে বলে জানান তিনি।

Be the first to comment on "এমপির ব্যক্তিগত কার্যালয়ে যুবক গুলিবিদ্ধ"