নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবী থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওয়াজি আহমেদ চৌধুরীকে হত্যার পরিকল্পনার অভিযোগে আহাদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১২টায় পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া। তবে, আহাদকে ওই হত্যাকাণ্ডের হোতা বললেও তার বিস্তারিত পরিচয় বা ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি বিশদ করেননি এই র্যাব কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ওয়াজি আহমেদ চৌধুরী (৭৬) বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে ১৯৯২ সালে অবসরে যান। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ঢাকার মহাখালী ডিওএইচএসে তার বাসা। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের গলায় কালো দাগ এবং বুকের বাঁ পাশ আর ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন ছিল বলে সে সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।
ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমেদ চৌধুরী পরদিন কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ওই বাসার গৃহকর্মী আবদুল্লাহকে আসামি করা হয়। বাসা থেকে একটি টেলিভিশন, মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

Be the first to comment on "ওয়াজি হত্যা ॥ মূল সন্দেহভাজন আটক"