নিউজ ডেস্ক : কল ড্রপের ক্ষতিপূরণ আদায়ে আগামী জানুয়ারি থেকে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে কঠোর হতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
কলড্রপ হচ্ছে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) মান অনুযায়ী একশ’টি কলের মধ্যে তিনটি কল ড্রপ গ্রহণযোগ্য।
চলতি বছরের ১৫ মে তারানা হালিম জানিয়েছিলেন, কলড্রপ আইটিইউ’র নির্ধারিত মানের মধ্যে আছে বলে আমরা মনে করি না। প্রতিদিন একটির বেশি প্রতি কলড্রপের জন্য এক মিনিট করে ফেরত পাবেন মোবাইল ফোন গ্রাহকরা।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘কলড্রপের ক্ষেত্রে আইটিইউ’র একটি নির্ধারিত মান আছে। শতকরা তিনটি পর্যন্ত কলড্রপ হলে সেটাকে মানসম্মতই ধরে নেওয়া হয়। আমরা বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বলেছিলাম এর বাইরে কতটুকু কল ড্রপ হলো এটা মেজার (পরিমাপ) করার একটা টুল (ব্যবস্থা) আমাদের কাছে থাকা প্রয়োজন। কারণ আমরা ইনফরমেশনটা চাচ্ছি অপারেটরদের কাছ থেকে। যেহেতু আমরা অপারেটরদের কাছে ইনফরমেশনটা চাচ্ছি এটা শতভাগ তাদের উপরই নির্ভর করতে হচ্ছে।’
‘আমরা অপারেটরদের বলেছিলাম ডিসেম্বর পর্যন্ত ঐচ্ছিকভাবে তাদেরকে কল ড্রপের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যে হালনাগাদ তথ্য বিটিআরসির কাছ থেকে পেয়েছি। একটি অপারেটর বাদে কোন অপারেটর কল ফেরত দেয়নি’ বলেন তারানা।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিনদিন আগে আমাদের এখান থেকে নির্দেশনা দিয়েছি। ডিসেম্বরের মধ্যে স্বতঃপ্রণোদিত হয়ে আইটিইউ’র গাইডলাইনের বাইরে যে কল ড্রপ হয় তার ক্ষতিপূণ দেওয়ার কথা। যদি না দিয়ে (কল ড্রপের ক্ষতিপূরণ) থাকে, তবে জানুয়ারি থেকে বিটিআরসি যেন এটি কার্যকর করে সেই নির্দেশনা আমরা ইতোমধ্যে দিয়ে ফেলেছি।’
কলড্রপের ক্ষতিপূরণ পরিশোধ, রাত ১২টার পর ম্যাসেজ না পাঠানোসহ অপারেটরগুলোকে সেবার মান উন্নয়নের নির্দেশনা মন্ত্রী হওয়ার দ্বিতীয় মাসেই দেওয়া হয়েছে বলে জানান তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ আগে আমরা আবার বলেছি যে নির্দেশনাগুলো ছিল এগুলো কতটুকু পালন হল তা বিটিআরসি যাতে কঠোরভাবে মনিটর করে। কল ফেরত প্রদান না করলে বিটিআরসি নিজ থেকে কীভাবে এটা কার্যকর করতে পারে, এ বিষয়ে আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি।’
কল ড্রপের ক্ষতিপূরণ আদায়ে বিটিআরসিকে কঠোর হওয়ার নির্দেশ

Be the first to comment on "কল ড্রপের ক্ষতিপূরণ আদায়ে বিটিআরসিকে কঠোর হওয়ার নির্দেশ"