নিউজ ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের পানুয়াপাড়ায় গতকাল শনিবার মধ্যরাতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীদের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত ১টার দিকে প্রথমে খড়ের গাদায় আগুনের লেলিহান শিখা দেখে আগুন নিভিয়ে ফেলেন তারা। মহল্লার বাসিন্দা ডালিম কুমার দাস, রিপন চন্দ্র দাস, পরেশ চন্দ্র দাস এবং সচিন মাস্টারের চারটি খড়ের গাদা আংশিক পুড়ে গেছে। তার আগে সামাজিক কালী মন্দিরের কালী প্রতিমাসহ দুইটি মূর্তির মাথা কেটে পাশের পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত শেষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
এ ঘটনায় স্বাধীনতাবিরোধী চক্র জড়িত বলে অভিযোগ করেছেন দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

Be the first to comment on "কাহারোলে মন্দিরের প্রতিমা ভাঙচুর"