নিউজ ডেস্ক : চার বছর আগে চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার দায়ে পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম রবিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া আসামিদের মধ্যে জাহিদুর রহমান শাওন এবং জুনায়েদ আহমেদ রিয়াদ পলাতক।
কারাগারে থাকা রিয়াদের বাবা ব্যবসায়ী শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে গত ২৮ জুলাই এবং ১১ আগস্ট দুবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। রায়ে হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার সন্তোষ প্রকাশ করেছেন।

Be the first to comment on "কুকুর লেলিয়ে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড"