নিউজ ডেস্ক : চলমান নিউজিল্যান্ড ও আসন্ন অস্ট্রেলিয়া সফর শেষে মিসবাহ অবসর নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঠিক হয়নি। এক প্রশ্নের জবাবে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শাহরিয়ার বলেন, “মিসবাহ না থাকলে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে কাকে আনা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর যদি ভালভাবে সম্পন্ন হয় তাহলে মিসবাহকেই দায়িত্ব চালিয়ে যাবার প্রস্তাব দেয়া হতে পারে।”
পাকিস্তানের একটি পত্রিকায় পিসিবি সভাপতির এই সাক্ষাৎকারটি গুরুত্বসহকারে ছাপানো হয়। এতে তিনি বলেন, “পাকিস্তানের হয়ে ভাল পারফর্ম করছেন মিসবাহ ও ইউনুস খান। তাদেরকে দলে রেখে দেয়া হবে। তবে এখন তারা অবসরের দ্বারপ্রান্তে চলে এসেছেন। তাই দলের ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই আমাদেরকে প্রস্তুত হতে হবে।”
মোহাম্মদ হাফিজ প্রসঙ্গে শাহরিয়ার খান বলেন, “অবৈধ বোলিং এ্যাকশনের কারণে তার কাছ থেকে অলরাউন্ড স্ট্যাটাসটি ফিরিয়ে নেয়া হয়েছে। জাতীয় দলে যদি তাকে নেয়া হয় তাহলে কেবল ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। তবে কার্ডিফের লাফবোরোর পরীক্ষাগারে ফের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করেছেন তিনি। যেহেতু তিনি দলের একজন সিনিয়র খেলোয়াড় তাই বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। কিন্তু একবার যদি তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে দল নির্বাচনে দারুন সমস্যায় পড়তে হবে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০১৭ সালের দ্বিতীয় সংস্করণ আয়োজন প্রসঙ্গে এর চেয়ারম্যান নাজাম শেঠি ঘোষণা দিয়েছিলেন যে সেটি স্বাধীন পরিচয় নিয়ে আয়োজন করা হবে। এ বিষয়ে পিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এভাবে আয়োজনের জন্য বোর্ড নিজেই এই অনুমতি দিয়েছে।
শাহরিয়ার বলেন, “লিগ কর্তৃপক্ষের ধারণা, স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আয়োজন করা গেলে তারা আরো বেশি স্বাধীনতা ভোগ করবে। তারা নিজেরাই প্রশাসনিক সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। পিসিবির কোনো নিয়ম ভঙ্গ না করা পর্যন্ত তাদেরকে ওই স্বাধীনতা দেয়া হয়েছে। বোর্ডের পরিচালনা পরিষদের সভাতেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।”
কে হবেন মিসবাহর উত্তরসূরি?

Be the first to comment on "কে হবেন মিসবাহর উত্তরসূরি?"