নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরত্ব খেতাবপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে এই প্রথমবারের মতো পরিচয়পত্র বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক সংবর্ধনায় এই পরিচয়পত্র বিতরণকালে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব কিছু করতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সশস্ত্র বাহিনী দিবস ২০১৬ উপলক্ষে বীরশ্রেষ্ঠগণের উত্তরাধিকার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মাদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর বীরত্ব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাঝে পরিচয়পত্র বিতরণ করে তিনি আনন্দিত। এই পরিচয়পত্র ব্যবহার করে তারা রেল, বিআরটিসি বাস ও বাংলাদেশ অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট করপোরেশনের ফেরিতে বিনাভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন।
এর মাধ্যমে তারা বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটে একবার বিদেশ ভ্রমণ এবং একই এয়ারলাইন্সে জীবনে একবার হজ/ওমরাহ করার সুযোগ পাবেন। তারা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও ফেরিতে ভিআইপি কক্ষ ও কেবিন সুবিধা পাবেন। এ ছাড়া এই পরিচয়পত্রের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবার সুযোগও পাবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৭ বীরশ্রেষ্ঠর উত্তরাধিকার ও অন্যান্য খেতাবপ্রাপ্তগণের মাঝে সম্মানীর চেক এবং শাল ও মোবাইল ট্যাবসহ উপহারসামগ্রী বিতরণ করেন। তিনি যুদ্ধ ও শান্তির সময় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সেনাবাহিনীর ৫ কর্মকর্তাকে বাহিনী পদক ও ওসমানী সেবা পদক প্রদান করেন।
মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধ্যায় হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন করে। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মাধ্যমে লাল-সবুজের পতাকাসহ একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এ জন্য আমাদের সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করতে ও তাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Be the first to comment on "খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র বিতরণ"