নিউজ ডেস্ক : গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে তার সহযোগী আনোয়ারকে (২৮)।
গতকাল রবিবার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনসেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় ডিবির ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, মনির তার ৪-৫ সহযোগীকে নিয়ে টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি পেয়ে মনির ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আমির হোসেন আরো জানান, মনিরের বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।

Be the first to comment on "গাজীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত"