নিউজ ডেস্ক : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তর শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠের চিতায় তার দাহ করার। এমনটাই জানিয়েছেন তার মাসতুতো (খালাতো) ভাই জয়ন্ত সেন।
তিনি বলেন, তার (সুরঞ্জিত) শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠ দিয়ে যেন তাকে দাহ করা হয়। এখন তো এ কাঠ খুব একটা পাওয়া যায় না। তবে সংগ্রহের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সুরঞ্জিত সেনগুপ্তর চিকিৎসার দায়িত্বে থাকা ডা. বরেণ চক্রবর্তী জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত সোয়া ১০টার দিকে তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রবিবার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Be the first to comment on "চন্দন কাঠের চিতায় শেষ বিদায়ের ইচ্ছা ছিল সুরঞ্জিতের"