নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরিচয় ডিএনএ পরীক্ষাতেও নিশ্চিত হয়েছে। গুলশান হামলার মাস্টারমাইন্ড হিসেবে আলোচিত তামিমের ডিএনএ নমুনার সঙ্গে কানাডায় বসবাসরত তার বাবা ও বোনের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সিটিটিসির এক অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। নব্য জেএমবির সামরিক কমান্ডার তামিমের পরিকল্পনাতেই গুলশানের হলি আর্টিজান বেকারিত জঙ্গি হামলা করা হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর তামিম দুবাই হয়ে ঢাকায় আসার পর থেকেই আত্মগোপনে থেকে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলেন। সিটিটিসি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তামিম নিহত হওয়ার পর তার চেহারা দেখে প্রাথমিকভাবে তাকে তামিম চৌধুরী বলে শনাক্ত করা হয়। পরবর্তীতে তামিমের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে কানাডিয়ান পুলিশের কাছে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পাঠানো হয়। আজ মঙ্গলবার কানাডিয়ান পুলিশের পক্ষ থেকে তামিমের পরিচয় নিশ্চিত হয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে সিটি ইউনিটের কাছে। সিটিটিসির একজন কর্মকর্তা জানান, কানাডায় তামিমের পরিবারের সদস্যরা উইন্সসরে থাকেন। তার পৈত্রিক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তার দাদার নাম আব্দুল মজিদ চৌধুরী। তামিমের বাবা শফি আহমেদ জাহাজে চাকরি করতেন। মুক্তিযুদ্ধের পরপরই তামিমের বাবা পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান। তামিমের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই।
ডিএনএ টেস্টেও তামিম চৌধুরীর পরিচয় নিশ্চিত

Be the first to comment on "ডিএনএ টেস্টেও তামিম চৌধুরীর পরিচয় নিশ্চিত"