নিউজ ডেস্ক : রাজশাহীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রেজাউল করিম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৭ ডিসেম্বর ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ১ জানুয়ারি থানায় জিডি করা হয়।
রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোকরা পাঠবেলালপুর গ্রামের আইনাল হকের ছেলে। রেজাউল নগরীর সাহেববাজার এলাকার এসএস প্লাজা ছাত্রাবাসে থাকতেন।
তার বড় ভাই ছেতাউর রহমান বলেন, গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ছয়-সাতজন লোক নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে রেজাউলকে তুলে নিয়ে যায়। এরপর তারা রাত ১টার দিকে রেজাউলকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যায়। বাবার কাছে জানতে চায় রেজাউল তার ছেলে কি না। এরপর তাকে ওই ছাত্রাবাসে পৌঁছে দেওয়ার কথা বলে রেজাউলকে সেখান থেকে নিয়ে যায়। এ সময় নিজেদের তারা গোয়েন্দা পুলিশের লোক বলে পরিচয় দেয়।
এসএস প্লাজা ছাত্রাবাসের ৪০৫ নম্বর ঘরে রেজাউল নয় বছর ধরে ছিলেন জানিয়ে ছেতাউর বলেন, রেজাউলের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ আছে বলে শুনি নাই।
এদিকে এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, পুলিশ রেজাউলকে ধরেনি। জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Be the first to comment on "ডিবি পরিচয়ে রাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ"