নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের কাছে ব্যক্তিগত একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়।
বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন।
ঘটনার সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ। তারা বলেন, রাত ১টার দিকে পলাশী মোড় থেকে চা খেয়ে মোটরসাইকেলে করে তারা তিনজন হলের দিকে যাচ্ছিলেন। ব্যানবেইসের কাছে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ তাদের সামনে এসে গতিরোধ করে। বিপদ আঁচ করতেই পেরে চালকের আসনে থাকা জহিরুল মোটরসাইকেল ঘুরিয়ে ফেলেন। তখন ওই গাড়ি থেকে গুলি করা হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়েরের ডান পায়ের উরুতে গুলি লাগে। কে বা কারা হামলা করতে পারেন প্রাথমিকভাবে তারা কিছুই বলতে পারছেন না।
ইতিমধ্যে ঢাকা মেডিক্যালে এসে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিম উল হক। তিনি সাংবাদিকদের বলেন, যেই গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

Be the first to comment on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা যুবায়ের গুলিবিদ্ধ"