নিউজ ডেস্ক : রাঙামাটি মেডিক্যাল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে বাঙালী ছাত্র পরিষদের ডাকে তিন পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার সকাল ৬টা থেকে হরতালের কর্মসূচি শুরু হলেও রাঙামাটিতে ভারি বৃষ্টির কারণে মাঠে ছিলেন না হরতাল সমর্থকরা। তবে বৃষ্টি কমার সাথে সাথে শহরের বনরূপা, কলেজগেইট, পৌরসভা এলাকা, তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় পিকেটিং করে হরতাল সমর্থকরা।
অন্যদিকে, হরতালের কারণে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকান পাট ও মার্কেটগুলো খুলেনি। এ ছাড়া নৌপথে কোনো নৌযান ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতাল চলাকালে এখনো পর্যন্ত কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি। এ ছাড়া অপর দুই জেলা বান্দরবান ও খাগড়াছড়িতেও হরতাল চলছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু করা এবং বিতর্কিত ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬’ অবিলম্বে বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। এ হরতালের সমর্থন জানিয়েছে বাঙালিদের অন্য ৪টি সংগঠন পার্বত্য সম-অধিকার পরিষদ, গণপরিষদ, নাগরিক পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ।

Be the first to comment on "তিন পার্বত্য জেলায় হরতাল চলছে"