শিরোনাম

দক্ষিণ ফিলিপাইন থেকে সরে যাও, মার্কিন বাহিনীকে দুয়ার্তে

নিউজ ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যদের ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে সরে যেতে বলেছেন। তিনি মনে করেন, তাদের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গি সংগঠন আবু সাইয়াফের বিরুদ্ধে অভিযান চালাতে সমস্যা তৈরি হতে পারে।

সম্প্রতি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপগুচ্ছে আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছেন দুয়ার্তে। কয়েক হাজার সেনা সদস্যও তৈরি রাখা হয়েছে অভিযানের জন্য।

নতুন সামরিক কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠানে দুয়ার্তে বলেন, ‘তাদের (মার্কিন বিশেষ বাহিনী) অবশ্যই ওই অঞ্চল ত্যাগ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি কোনও শত্রুতা চাই না, কিন্তু তাদের সেখান থেকে যেতে হবে।’

মার্কিনিদের উদ্দেশ্য করে দুয়ার্তে বলেন, ‘জঙ্গিরা মার্কিনিদের হত্যা করতে পারে, অপহরণও করতে পারে।’

স্পষ্টভাষী দুয়ার্তে তার বক্তব্যের জন্য আগে থেকেই ‘বিতর্কিত’। তার তীর্যক মন্তব্য ও গালাগালি থেকে জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট কেউই বাদ যাননি।

তবে দুয়ার্তের এবারের মন্তব্য সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের পক্ষ থেকে বিশেষ বাহিনীকে সরিয়ে নেওয়ার বিষয়ে ম্যানিলার মার্কিন দূতাবাসে কিছুই জানানো হয়নি।’ অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মিন্দানাও দ্বীপে বিশেষ বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বাজারে যে বোমা বিস্ফোরিত হয়, তার দায় আবু সাইয়াফ স্বীকার করেছে। ওই হামলায় ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৭ জন।

সূত্র: রয়টার্স।

basic-bank

Be the first to comment on "দক্ষিণ ফিলিপাইন থেকে সরে যাও, মার্কিন বাহিনীকে দুয়ার্তে"

Leave a comment

Your email address will not be published.


*