নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার নির্বিঘ্নে শোক দিবস পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে, ১৫ আগস্ট উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরসংলগ্ন রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত মিরপুর রোডে পশ্চিমাংশে কোনো যানবাহন চলাচলা করছে না। মেট্রোর গলিসহ আশপাশের গলিতেও যান চলাচল বন্ধ রয়েছে। বঙ্গবন্ধুর বাড়ির প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। দর্শানার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। ধানমণ্ডি ৩২ নম্বরজুড়ে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হিসেবে ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে। যাতে করে বিষাক্ত বিস্ফোরক দ্রব্য সহজে শনাক্ত করা সম্ভব হয়।
ধানমণ্ডি থানার এসআই কবির হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি নাজুক হওয়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছি। সব ধরনের নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি। সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Be the first to comment on "ধানমণ্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা"