নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করবেন। বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি এস কে সিনহা ইসি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শপথ নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হবেন ইসির সদস্যরা। বুধবার বিকেল ৫টার দিকে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।
সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন রাষ্ট্রপতি। কমিশনের অপর চার সদস্য হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ওব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তবে সিইসি এম নুরুল হুদাকে ‘জনতার মঞ্চের’ লোক হিসেবে আখ্যায়িত করে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি তাকে সরে যাওয়ারও দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। অবশ্য আপত্তি তুললেও বিএনপি নতুন কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আগামী ৬ মার্চ দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন।
বিকেলে নতুন ইসির শপথ

Be the first to comment on "বিকেলে নতুন ইসির শপথ"