নিউজ ডেস্ক : কক্সবাজারের নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী চারটি নৌকা মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফ উপজেলার নাফ নদী থেকে এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চার নৌকাবোঝাই রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহলদল বাংলাদেশের সীমান্তের শূন্যরেখা থেকেই তাদের ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়া এসব চারটি নৌকার প্রতিটিতে ১০ থেকে ১২ জন রোহিঙ্গা নাগরিক থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
অভিযোগ উঠেছে, চলতি মাসে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ রাখাইনে অভিযান চালাচ্ছে। এতে নিহত হচ্ছে বহু রোহিঙ্গা। আর নির্যাতিত রোহিঙ্গারা প্রাণভয়ে আশ্রয় নিতে প্রবেশ করছে প্রতিবেশী বাংলাদেশে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া প্রহরা বসিয়েছে বাংলাদেশ। তবে এর পরও সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই বহু রোহিঙ্গা নাগরিক প্রাণ বাঁচাতে প্রবেশ করছে বাংলাদেশে।
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ, নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ বাড়ি থেকে পালিয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের গ্রাম। মিয়ানমারের সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে সেখানে। আরাকান এলাকায় বিদেশি সাংবাদিক প্রবেশ করাও নিষিদ্ধ করে দিয়েছে দেশটির সরকার।

Be the first to comment on "নাফ নদী থেকে চার নৌকা রোহিঙ্গা ফেরত"