নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির মিডিয়া সেল উদ্বোধন করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাসভবনে গঠিত এ মিডিয়া সেল থেকে নির্বাচন সম্পর্কিত নিয়মিত সব তথ্য দেওয়া হবে।
আজ বুধবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন মিডিয়া সেলটি উদ্বোধন করেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেন নি। মানুষের সব অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ ভোট দিতে পারেন নি। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, এ অবস্থায় আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কী-না তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে ও ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরি বলে তিনি মনে করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও আবুল কালাম, নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান রোজেল, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, পেশাজীবী নেতা রুহুল আমিন প্রমুখ।

Be the first to comment on "নাসিক নির্বাচনে বিএনপির মিডিয়া সেল উদ্বোধন"