শিরোনাম

‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে জঙ্গিদের উৎসাহ দেয়’

নিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ‘আমাদের দেশে জঙ্গীদের উৎসাহ দেয়’।

তিনি বলেন, একদল মানুষ উঠে পড়ে লেগেছে বাংলাদেশে ‘আইএস’ আছে তা প্রতিষ্ঠা করা জন্য। ‘আমি তাদের অনুরোধ করবো, আইএস-এর সাথে ‘আই’ লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে হবে আইএসআই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আমাদের দেশে জঙ্গীদের উৎসাহ দেয়। জঙ্গীরা মানুষদের মারে, এরা নারী ও শিশুদের পণ বন্ধি করে। এটা ইসলামে জায়েজ না। ’

বেগম মতিয়া চৌধুরী বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

কয়েকটা মানুষ, আর কয়েকটা বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব করে যদি কিছু হতো তাহলে অনেক দেশেই অনেক কিছু হতো।

তিনি বলেন,আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গী আস্তনাগুলোতে হঠাৎ করে আক্রমণ করে না। প্রথমে গিয়ে জঙ্গীদের আত্মসর্মপণ করার সুযোগ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ফরিদপুরেও বলেছেন, তারা (জঙ্গীরা) যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে। জঙ্গীবাদের পথে কেউ কখনো এগুতে পারবে না।

কৃষিমন্ত্রী বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের শাস্তির দাবি করে বলেন, বিশ্ব ব্যাংক বলছিল পদ্মসেতুতে দুর্নীতি হচ্ছে। কিন্তু পদ্মা সেতুতে যে কোন দুর্নীতি হয়নি, তা আজ পদ্মা সেতু জ্বলজ্বল করে প্রমাণ করছে। ব্যাংকের যে সব কর্মকর্তারা পদ্মা সেতুর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল তাদেরকে শাস্তির বিধান করতে হবে।

তিনি বলেন,‘আমাদের দেশও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে শুধু সাহায্য নেই না, চাঁদাও দেই। অনেকেই ভাবেন ওয়ার্ল্ড ব্যাংক বড় লোকের ব্যাংক, আমরা শুধু তাদের কাছ থেকে টাকা ঋণ গ্রহণ করি। আমরা ব্যাংকের ঋনের যেটুকু টাকা আনি তার সুদসহ পরিশোধ করি। তাই ছোট দেশ হিসেবে লজ্জিত হওয়ার কারণ নেই। বরং আমরা নেওয়ার চেয়ে এখন, দেওয়ার ক্ষমতা রাখি। ’

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলোছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকসহ নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপজেলার ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন সেট, ক্রিকেট সেট, দাবা সেট বিতরণ করেন।

basic-bank

Be the first to comment on "‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে জঙ্গিদের উৎসাহ দেয়’"

Leave a comment

Your email address will not be published.


*