শিরোনাম

প্রতিমাসে গড়ে ৩ লাখ গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক : প্রতিমাসে গড়ে ৩ লক্ষাধিক গ্রাহককে বিদ্যুত সংযোগের আওতায় আনা হয়েছে। গত ১৮ মাসে পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে প্রায় ৫৬ লাখ গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। একই গতিতে দ্রুততার সঙ্গে পুরো বাংলাদেশে গ্রাহক সংযোগ কার্যক্রম চলমান আছে। ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুত প্রদানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লা’র প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সরকারি দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ক্যাপটিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দেশের প্রতি ঘরে বিদ্যুত পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। এ পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুত প্রদান করার লক্ষ্যে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট উন্নীত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ২০০৯ সালের ৪ হাজার ৯৪২ মেগাওয়াট হতে ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি হতে ২০১৭ সাল পর্যন্ত গত ৮ বছরে ১৭ হাজার ৯৮২ মেগাওয়াট ক্ষমতার ৯৩টি বিদ্যুত কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে মোট ১১ হাজার ৩০২ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুত কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুত কেন্দ্রগুলো পর্যায়ক্রমে ২০১৭ হতে ২০২১ সালের মধ্যে চালু হবে। এছাড়া মোট ৪ হাজার ৭২৯ মেগাওয়াট ক্ষমতার ৩২টি বিদ্যুত কেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুত কেন্দ্রগুলো পর্যায়ক্রমে ২০১৮ হতে ২০২৩ সালের মধ্যে চালু হবে।

তিনি জানান, পরিকল্পনার অংশ হিসেবে নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণের পাশাপাশি পরমাণু শক্তি নির্ভর বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রাথমিক কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুত আমদানি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

basic-bank

Be the first to comment on "প্রতিমাসে গড়ে ৩ লাখ গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*