শিরোনাম

প্রধানমন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক : রিজভী

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থা চালু করা যেতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী যে মন্তব্য করেছেন তা ‘নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক’ বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন,‘ই-ভোটিং ব্যবস্থার কথা বলার মানেই হলো আরেকটি ভেল্কিবাজির বর্ধিত প্রকাশ।প্রধানমন্ত্রীর পক্ষে নিরপেক্ষ নির্বাচনের জন্য ই-ভোটিং চালু করার ঘোষণা জনগণকে আরেকটি তামাশার বায়োস্কোপ দেখানো ছাড়া অন্য কিছু নয়।’
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সব বিধিবিধানের সঙ্গে সংগতি রেখে জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থা চালু করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন।
প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন,‘প্রধানমন্ত্রীর পক্ষে নিরপেক্ষ নির্বাচনের জন্য ই-ভোটিং চালু করার ঘোষণা জনগণকে আরেকটি তামাশার বায়োস্কোপ দেখানো ছাড়া অন্য কিছু নয়। কারণ আওয়ামী লীগ নিজেদের টিকিয়ে রাখতে চক্রান্ত, ষড়যন্ত্র ও কারসাজির ওপরই ভর করে।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, প্রধানমন্ত্রীর উচ্চাভিলাষের কাছে সংগ্রামী জনগণ নিজেদের কখনোই সঁপে দেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণ ক্ষমতাসীন মহলের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেদের অভিপ্রায় পূরণ করতে নির্বাচন কমিশন গঠন করেছে, নিজেদের ঘরের ছেলেকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে, সেই সরকার জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন ঘটাবে-এটি কেউ বিশ্বাস করে না। কারণ বর্তমান বিনা ভোটের সরকার যদি গণতন্ত্র, নির্বাচন এবং মানুষের ভোটাধিকারে বিশ্বাস করত তাহলে আজ চারদিকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সরে যাওয়ার যে তুমুল দাবি উঠেছে, সেটিকে আমলে নিয়ে সব দলের সঙ্গে পরামর্শ করে একজন যথার্থ নিরপেক্ষ ব্যক্তিকে সাংবিধানিক এই পদটিতে বসানোর জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতেন।’
কিন্তু সেটি না করে প্রধানমন্ত্রী এখন জনগণের দৃষ্টিকে সিইসির দিক থেকে অন্যত্র সরানোর জন্য ই-ভোটিং ব্যবস্থার আরেকটি ম্যাজিক জনগণের সামনে প্রদর্শন করছেন। এটি প্রধানমন্ত্রীর ভোটারবিহীন নির্বাচন করার আরেকটি ডিজিটাল প্রতারণা কি না তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশেও যারা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের নিয়ম চালু করেছিল; কিন্তু এই পদ্ধতি দূর থেকে হ্যাক করা সম্ভব বলেই স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতি বাতিল করা হয়েছে সেসব দেশে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, সেলিম ভূইয়া, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*