নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই একুশের প্রথম প্রহর থেকে শুরু হবে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরদিকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নগর গণপূর্ত বিভাগের পক্ষ থেকেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ সোমবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহীদ মিনারে শেষ সময়ের ঝাড়ু, ধোয়া-মোছা ও রংয়ের কাজ হচ্ছে। শহীদ মিনার এলাকায় স্থাপন করা হয়েছে র্যাব ও পুলিশের একাধিক ওয়াচ টাওয়ার। পুরো এলাকায় টহল দিচ্ছে র্যাব ও পুলিশ। অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা নিজস্ব পোশাক ছাড়াও সাদা পোশাকে নজরদারি করছেন। আজ সোমবার দুপুরে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় তল্লাশি চালানোও হয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নগর গণপূর্ত বিভাগের (শহীদ মিনারের শাখা কর্মকর্তা) উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুচ বলেন, ‘আজ (সোমবার) আটজন পরিচ্ছন্নতা কর্মী ও ১৩ জন রং মিস্ত্রি কাজ করছেন। রাত ১১টা পর্যন্ত কিছুক্ষণ পরপর ঝাড়ু দেওয়া হবে। এরই মধ্যে শহীদ মিনারে সূর্য বসানো হয়েছে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন, শহীদ মিনার এখন শ্রদ্ধা জানাতে প্রস্তুত। ’
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ, তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন।

Be the first to comment on "প্রস্তুত শহীদ মিনার"