নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে ফিলিস্তিন মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ইয়াদ আল মালিকি।
বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, ফিলিস্তিনে বাণিজ্য শুল্ক খুবই কম। আমরা সেদেশে কিছু পণ্য আমদানি ও রপ্তানি করি। তবে সেটা তৃতীয় কোনো দেশের মাধ্যমে। তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। এ বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিন বাংলাদেশের খুবই ভালো বন্ধু। দেশটিকে আমরা সব সময় রাজনৈতিক সমর্থন দিয়ে আসছি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করার ইচ্ছা পোষণ করেছেন। তখন দুই দেশের মধ্যে কয়েকটি দ্বি-পাক্ষিক চুক্তি সই হতে পারে। তবে কী কী বিষয়ে চুক্তি হতে পারে- তা এখনও চূড়ান্ত হয়নি।
ফিলিস্তিনের পররাষ্টমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বন্ধু। পাকিস্তানের কাছ থেকে লড়াই করে স্বাধীনতা পাওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ফিলিস্তিনের জনগণের কাছে বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম।
তিনি বলেন, কেবল রাজনৈতিকভাবেই নয়; অর্থনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এদেশের মানুষ প্রমাণ করেছে, তাদের স্বাধীনতার আন্দোলন মিথ্য ছিল না।

Be the first to comment on "বাংলাদেশের সঙ্গে মুক্ত বানিজ্য করতে চায় ফিলিস্তিন"