শিরোনাম

বালু কাটার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ঢাকার দোহারের লটাখোলা সেতুর পাশ থেকে। ইতোমধ্যে একাধিকবার জেল-জরিমানা করা হলেও বন্ধ হয়নি বালু উত্তোলন, ছিল রাজনৈতিক ছত্রছায়া। এ কারণে আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়েই ওই এলাকায় গিয়ে বালু কাটার মেশিন পুড়িয়ে দিয়েছেন ইউএনও কেএম আল-আমিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালু উত্তোলন বন্ধে পুলিশকে সাথে নিয়ে আজ শুক্রবার দুপুরে লটাখোলা নদীর উপর নির্মিত সেতুর নিচে অভিযানে যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও কেএম আল-আমিন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউএনও’র সাথে ছিলেন।

উত্তেজিত নেতাকর্মীরা বালু কাটার কাজে ব্যবহৃত কয়েকটি মেশিন ও বিভিন্ন সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন উপস্থিত ছিলেন। তারা বলেন, দোহারকে ভাঙনের হাত থেকে রক্ষার স্বার্থে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে হবে। অবৈধ এই বালু উত্তোলন বন্ধে আমাদের সংগঠন প্রশাসনের সাথে সবসময় থাকবে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিন বলেন, ইতোমধ্যে একাধিকবার লটাখোলা এলাকায় বালু উত্তোলন বন্ধ করে এ কাজের সাথে সম্পৃক্তদের জেল-জরিমানা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন সময় তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করত। যে কারনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছি। তাদের সহযোগিতা পেয়ে অবৈধ এই কর্মকাণ্ড বন্ধ করা সহজ হয়েছে।

basic-bank

Be the first to comment on "বালু কাটার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও"

Leave a comment

Your email address will not be published.


*