শিরোনাম

বিএনপির কমিটি বছরের সেরা তামাশা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিএনপির ৫০২ সদস্যের নতুন কমিটিকে তুলনা করেছেন জাম্বো জেটের সঙ্গে; বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে এটি ‘বছরের সেরা তামাশা’। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের এক ছাত্রী সমাবেশে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, ‘জাম্বো জেট সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর। এই জাম্বো জেট সাইজের কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সাথে বছরের সেরা তামাশা।’

কাউন্সিলের সাড়ে ৪ মাস পর শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণার পর দেখা যায়, দলের বিভিন্ন পদে থাকা নেতাদের পরিবারের সদস্যরা ডজনের বেশি পদ পেয়েছেন।

এ প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব গতকাল বলেছেন, বিএনপির ৫০২ সদস্যের কমিটি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপিকে প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কীভাবে ৫০২ সদস্যের হল? যারা নিজের দলে গণতন্ত্র বা গঠনতন্ত্র লঙ্ঘন করে এ রকম কমিটি ঘোষণা করে, তারা বাংলাদেশের সংবিধানও বার বার লঙ্ঘন করেছে।

‘অগণতান্ত্রিক পদ্ধতিতে’ কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন কাদের।

খালেদা জিয়ার জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বানের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ১৫ অগাস্ট আমরা শোক পালন করব, আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তাহলে ঐক্য হবে কীভাবে?

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বিএনপির কমিটি বছরের সেরা তামাশা: ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*