নিউজ ডেস্ক : সরকারের প্রভাব বিস্তার করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপ্রতি বিচার বিভাগের স্বাধীনতার কথা এবং বিচার বিভাগের যে দ্বৈতশাসন হস্তক্ষেপ তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
আদালতে শৃঙ্খলা আনার জন্য এ উদ্যোগকে আমরা (বিএনপি) স্বাগত জানাই। আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিচারকদের শৃঙ্খলা প্রশ্নে বিধির প্রয়োজন নেই রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হচ্ছে- এমন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেছেন।
বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৮ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মাসদার হোসেন মামলার রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নবিষয়ক শুনানিকালে এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যদি আদালত স্বাধীন হয়, তাহলে ন্যায়বিচারের নিশ্চয়তা থাকে। সরকার নিজের প্রভাব বিস্তার করার জন্য তা করছে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও এখনো ভয়ভীতিমুক্ত হতে পারেনি ভোটাররা। দিন যত অতিবাহিত হচ্ছে ততই শাসকদলের একদলীয় বাকশালী চরিত্র আরো তীব্র মাত্রায় ফুটে উঠছে।
সন্ত্রাসকবলিত নারায়ণগঞ্জে শাসকদলের ভাড়াটিয়া গুণ্ডাদের আনাগোনা বেড়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নাসিক নির্বাচনে শাসকদলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থেকে শুরু করে স্থানীয় এমপি এমনকি গণভবনে সভা করে সরকারপ্রধানও আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে ব্যাপক অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনকে একতরফা করার জন্য সরকার, শাসকদল ও নির্বাচন কমিশনের একযোগে হাইব্রিড আক্রমণের পরিকল্পনা আছে কি না তা জনমনে এই ভাবনা এখন প্রকট আকারে দেখা দিয়েছে।

Be the first to comment on "বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে : রিজভী"