নিউজ ডেস্ক : পেন্টাগন জানিয়েছে, ইরাকি বাহিনী আইএসের শক্তিশালী ঘাঁটি মসুলের পুনর্নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সেখানে অভিযান চালানোর জন্যে ‘পরিকল্পনা মতো এগিয়ে’ যাচ্ছে।
তবে পেন্টাগন আরো বলেছে, মসুল আইএসের শক্তঘাঁটি হওয়ায় সেখানে যুদ্ধ কঠিন এবং দীর্ঘমেয়াদি হবে।
এদিকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে দীর্ঘ প্রতীক্ষিত হামলা শুরু হওয়ায় সেখানে আটকা পড়া লাখ লাখ বেসামরিক লোকের জন্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মানবাধিকার গ্রুপ সেখানে মানবিক ব্যাপক সংকট ব্যাপক হওয়ার বিষয়েও সতর্ক করেছে।
মসুল অভিযানে ফেডারেল বাহিনীর প্রায় ৩০ হাজার সৈন্য নেতৃত্ব দিচ্ছে। এছাড়া ৬০ দেশের সমন্বয়ে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান ও স্থল বাহিনীর সহযোগিতায় সেখানে এ অভিযান চালানো হচ্ছে। তবে ইরাকে আইএসের সর্বশেষ গুরুত্বপূর্ণ এ ঘাঁটিতে সামরিক বাহিনীর এ অভিযান অনেকটা দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের সামরিক বাহিনী আল-শুরা শহর থেকে মসুলের দিকে যেতে গোলা-বারুদ ও সাঁজোয়া গাড়িবহর প্রস্তুত করে রেখেছে। আল-শুরা শহরটি মসুল থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
পেন্টাগন সোমবার রাতে অভিযান শুরুর কথা জানিয়ে বলেছে, এ অভিযান কঠিন হবে এবং তা শেষ করতে অনেক সময় লাগতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল জানিয়েছিলেন, এটি শেষ করতে কয়েক সপ্তাহ, এমনকি দীর্ঘ সময়ও লাগতে পারে।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দিনের প্রথমভাগে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ হামলা শুরুর ঘোষণা দেন।
মসুলের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী

Be the first to comment on "মসুলের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী"