শিরোনাম

মসুলে মানব ঢাল ব্যবহার করছে আইএস ॥ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ইরাকের মসুল নগরীতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র । ইরাকের সামরিক বাহিনী জঙ্গিদের শক্ত এ ঘাঁটির আরো কাছাকাছি অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে জিহাদিরা হামলা থেকে বাঁচতে এ কাজ করছে।
আইএস নিয়ন্ত্রিত মসুলে বর্তমানে সাত লাখ লোক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নগরীতে পাঁচ হাজারেরও বেশি যোদ্ধা রয়েছে। মসুলের পুনর্দখল নিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আইএস এর বিরুদ্ধে লড়াই করছে ইরাকের সরকারি ও তাদের সমর্থিত বাহিনী।
পার্শ্ববর্তী কারাকোশ শহর আইএসমুক্ত হওয়ার খবর প্রকাশিত হলেও পরে ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডার তা নাকচ করে দেন।
তবে যুক্তরাষ্ট্র সমর্থিত জোট বলেছে, তারা ১০টি গ্রাম থেকে আইএস সদস্যদের বিতাড়িত করেছে।
মসুল পুনর্দখল করতে সরকারি সৈন্যরা দক্ষিণ দিক আর তাদের মিত্র কুর্দি বাহিনী পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে। আইএসের বিরুদ্ধে দ্বিমুখী এ আক্রমণ সোমবার শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বেসামরিক নাগরিকদের দলে দলে এলাকা ত্যাগের বিষয়ে উদ্বেগ প্রশমন করে বলেন, মানবিক সংকট মোকাবেলায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে এবং অবকাঠামোগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।
আইএস বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে কিনা ওয়াশিংটনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেন্টাগন মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ‘অবশ্যই’। তিনি মঙ্গলবার বলেন, বেসামরিক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
ইরাকের মসুল নগরীতে আইএস জঙ্গি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ার কারণে শহর ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, আইএস নগরী ছাড়তে মানুষকে বাধা দিচ্ছে এবং বিমান হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন সব ভবনে তাদেরকে অবস্থান নেয়ার নির্দেশ দিচ্ছে।
জাতিসংঘ মসুলের বাইরে নতুন শরণার্থী শিবির স্থাপনের লক্ষ্যে কাজ করছে।
সরকারি ও কুর্দি বাহিনী এখন মসুল নগরীর ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।
ইরাকি স্থল বাহিনীর কমান্ডার রিয়াদ জালাল তওফিক বলেন, সৈন্যরা পূর্বদিকের কারাকোশ নগরী অবরুদ্ধ করে রেখেছে।

basic-bank

Be the first to comment on "মসুলে মানব ঢাল ব্যবহার করছে আইএস ॥ যুক্তরাষ্ট্র"

Leave a comment

Your email address will not be published.


*