শিরোনাম

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে: ফিজার

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, আগামীতে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে এবং বিরোধী দলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। এই দিন আর বেশী দূরে নয়। মোস্তাফিজুর রহমান ফিজার আজ বৃহস্পতিবার সকালে প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। ৪৬তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজন্ম ৭১ এর সভাপতি আজিজুর রহমান।

ফিজার বলেন, ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। এখন ১৬ কোটি মানুষ খেয়ে পরে ভালভাবেই চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা শক্ত হয়ে দাঁড়ান তাহলে আমরা সাহস পাবো। আগামীতে দেশে মুক্তিযুদ্ধের শক্তিই ক্ষমতায় থাকবে। ক্ষমতার বাইরেও থাকবে মুক্তিযুদ্ধের শক্তি। এই দিন আর বেশী দূরে নয়। আলোচনা সভায় তিনি আরও বলেন, একজন শেখ মুজিবের জন্ম হয়েছিলো বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি। এখন যদি আমরা বিদেশ থেকে কোনো পণ্য সামগ্রী নাও আনি তবুও মোটা ভাত, মোটা কাপড়ে আমরা বেঁচে থাকতে পারবো।

আলোচনা সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু বলেন, বাঙালির অধিকার নিশ্চিত করার জন্য জন্ম হয়েছিলো বঙ্গবন্ধুর। তিনি দেশ স্বাধীন করেছিলেন। তার কন্যা শেখ হাসিনা বাঙালি অধিকার নিশ্চিত করার দাবিগুলো বস্তবায়ন করছেন। এক সময় কমিউনিস্ট পার্টি স্লোগান দিতো সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান একজন শ্রমিকের মজুরি। এখন সাড়ে তিন কেজি চালের মূল্য ১২০ টাকা। এখন ৩০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। এভাবেই মানুষের অধিকারগুলো শেখ হাসিনা প্রতিষ্ঠা করছেন। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তবে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ গড়ার যুদ্ধে অংশ নিতে হবে। আমাদের তরুণ ছেলে-মেয়েরা কোনো দেশের ছেলে-মেয়েদের চেয়ে কম মেধাবী না। ৬৯, ৭০, ৭১-এ বাঙালি যেভাবে ঐক্যবদ্ধ ছিলো সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

basic-bank

Be the first to comment on "মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে: ফিজার"

Leave a comment

Your email address will not be published.


*