শিরোনাম

মুশফিকদের ১৫২ রানের লক্ষ্য দিলেন মাহমুদ উল্লাহরা

নিউজ ডেস্ক : বিপিএলে চলছে ঘরের লড়াই! দুই ভায়রা মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীমের লড়াই। সেই লড়াইয়ে মাহমুদ উল্লাহর খুলনা টাইটান্স ১৫২ রানের লক্ষ্য দিল বরিশাল বুলসকে। টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেটে ১৫১ রান তুলেছে খুলনা। মাহমুদ উল্লাহর ৪৪ ও রিকি ওয়েসেলসের ৪০ রানের বড় ভূমিকা ওই সংগ্রহে।

বরিশাল তাদের বোলিংয়ে কিছু পরিবর্তন নিয়ে নেমেছে। ফাস্ট বোলার রুম্মন রইসকে নিয়েছে। লেগ স্পিনার ফজলে মাহমুদ আছেন। তবে নিয়মিত পারফর্মার বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামই পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন। ৩ বলের মধ্যে খুলনার দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। প্রথমে ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার (৪) তাকে তুলে মেরেছিলেন। এরপরই হাসানুজ্জামান (১৯)। দুজনই লং অনে আবু হায়দার রনির তালুবন্দি হয়েছেন।

২৪ রানে ২ উইকেট হারানো খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহর ব্যাটে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত ছোটে রানের চাকা। আগের ম্যাচে ফিফটি করা মাহমুদ উল্লাহ এই ম্যাচেও সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ২৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ঝড়ো ৪৪ রান করে বিদায় নেন। নিজের শেষ ওভারে তাকে বিদায় করেন তাইজুল।

মাহমুদ উল্লাহর সাথে ৫৩ রানের জুটি গড়া রিকি ওয়েসেলস এক প্রান্ত ধরেছিলেন ৩ নম্বরে নেমে। কিন্তু ২৯ বলে ৪০ রান করে তিনি রায়ান এমরিটের শিকার। ওটা ১৭তম ওভারের ঘটনা। ১২৫ রানে ৫ উইকেট হারানোর পর খুলনার সংগ্রহ ১৫০ পার করার কৃতিত্ব আরিফুল হকের। ২২ বলে ২৬ রানে অপরাজিত থেকেছেন তিনি। শেষে ১০ রান করেছেন তাইবুর রহমান। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট তাইজুলের। এবারের বিপিএলে এটা তার সেরা বোলিং।

basic-bank

Be the first to comment on "মুশফিকদের ১৫২ রানের লক্ষ্য দিলেন মাহমুদ উল্লাহরা"

Leave a comment

Your email address will not be published.


*