শিরোনাম

মৌচাক মার্কেট খোলা রেখেই সংস্কারে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক : রাজধানীর মৌচাক মার্কেটের সবকিছু স্বাভাবিক রেখেই মেরামতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দোকান মালিক সমিতির করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রেজা-ই-রাব্বি খন্দকার, মো. সাইফুল ইসলাম ও আফরিন জাহান খান।
পরে রেজা-ই-রাব্বি খন্দকার সাংবাদিকদের বলেন, মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার আদেশ আপিল বিভাগ স্থগিত করেছিলেন। কিন্তু ২৩ জানুয়ারি রাজউকের এক সভায় মৌচাক মার্কেট নিয়ে আলোচনা হয়।
যাতে বলা হয়, আদালতের আদেশ থাকলেও তারা অন্য উপায় গ্রহণ করেবেন। এ আশঙ্কা থেকে মৌচাক মার্কেট বণিক সমিতির পক্ষে সভাপতি দিলদার আহমেদ সেলিম হাইকোর্টে একটি আবেদন করেন।
আইনজীবী রেজা-ই রাব্বি আরও বলেন, এ আবেদনের শুনানি নিয়ে মৌচাক মার্কেটের দোকান খোলা রেখে মেরামতের নির্দেশ দিয়েছেন। এছাড়াও গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
২০১৪ সালের ৭ মে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) মৌচাক মার্কেটের ভবন মালিককে একটি চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, ইমারতটি জীর্ণ ও দৃশ্যত ঝুঁকিপূর্ণ প্রতীয়মান হওয়ায় বুয়েট পুরকৌশল বিভাগ কতৃক পরীক্ষা-নীরিক্ষাপূর্বক কাঠামোগত উপযুক্ততার সনদ গ্রহণ করে চাওয়া তথ্যাদি এই দপ্তরে (রাজউক) দাখিল করার জন্য অনুরোধ করা হল। সেইসঙ্গে ভবনটির কাঠামোগত উপযুক্ততা নিশ্চিত হয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হল।
এরপর ভবন নিয়ে বুয়েট একটি নীরিক্ষা করে। আর বুয়েটের সুপারিশসহ প্রতিবেদন রাজউকে দাখিল করা হয়। এর প্রেক্ষিতে রাজউক গত ২ মে ভবন মালিককে আরেকটি চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয়, বুয়েট প্রণীত কাঠামোগত মূল্যায়ন প্রতিবেদনের পরামর্শ ও কর্তৃপক্ষের ওই নির্দেশনা সত্বেও কাঠামোগত ঝুঁকি হ্রাসে ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্বহীনভাবে মার্কেট ব্যবহার অব্যাহত রেখেছেন, যা জীবন ও সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর সুষ্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় মার্কেটটির ব্যবহার বন্ধ করে বুয়েট প্রনীত নকশা মোতাবেক বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ অবিলম্বে শুরু করার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হল। কাঠামোগত ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহারের দরুন যেকোন ধরণের দুর্ঘটনা ঘটলে একমাত্র আপনিই (মালিক) এবং আপনার ব্যবস্থাপনা দায়ী থাকবে এবং ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি চূড়ান্ত নোটিশ বলে গণ্য হবে।
রাজউকের এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেটের ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এই রিট আবেদন করেন।
গত বছরের ৬ জুন ওই রিটের শুনানি নিয়ে ভবন সংস্কার সম্পন্ন বা বিল্ডিং কোড অনুসারে সনদ না পাওয়া পর্যন্ত রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে দোকান মালিক সমিতি আপিলে আবেদনের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়।

basic-bank

Be the first to comment on "মৌচাক মার্কেট খোলা রেখেই সংস্কারে হাইকোর্টের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*