নিউজ ডেস্ক:অক্ষয় কুমারের প্রেম কাহিনি নিয়ে এক সময়ে বলিউডে কম চর্চা হয়নি। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। বিশেষ করে রভিনা ট্যান্ডনের সঙ্গে তার প্রেম নিয়ে কম কথা হয়নি। ১৯৯০-এর দশকে অক্ষয় কুমার এবং রভিনা ট্যান্ডনের ক্যামেস্ট্রি ছিল বলিউডের সব থেকে চর্চিত বিষয়। তাদের সম্পর্কের গভীরতা কতটা ছিল, তা নিয়ে তখন সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়। কিন্তু সেই সব খবরের সত্যতা কখনওই যাচাই করা হয়নি। শুধুই গুজবের মধ্যে রয়ে গিয়েছে সেই সম্পর্ক। তবে শোনা যায়, দু’জনেই নাকি একসময়ে বিয়ের কথা ভাবতে শুরু করেন। এমনকী লুকিয়ে বিয়ে করার গুজবও রটে গিয়েছিল।
কিন্তু সত্যিই যদি সম্পর্ক এত গভীর হয়, তা হলে শেষ পর্যন্ত বিয়েটা কেন হল না এমন প্রশ্ন আসতেই পারে। আসলে রভিনা ট্যান্ডন একসময়ে আচমকা ছবি করা বন্ধ করে দিয়েছিলেন। একের পর এক অফার ফেরাতে থাকেন। রটে যায় যে, অক্ষয় চান না বিয়ের পরে রভিনা আর অভিনয় করুন। সেই কারণে রভিনা আগেই কাজ বন্ধ করে দিচ্ছেন। সেই সময়ে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অক্ষয়ও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন।
তবে শোনা যায়, এমন সম্পর্ক ভেঙেছিল রভিনার ছোট্ট একটি ভুলে। ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে রভিনা এবং অক্ষয়ের সঙ্গে ছিলেন রেখা। সেই ছবির পরেই সংবাদ মাধ্যমের একাংশে রটে যায় একটি খবর— রেখা এবং অক্ষয়ের মধ্যে নাকি নতুন করে রসায়নের সন্ধান পাওয়া যাচ্ছে। এমনিতেই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানোয় তখন বলা হয় অক্ষয় ‘খিলাড়ি’ কুমার। তার মধ্যে রেখা-ফ্যাক্টর জুড়ে যাওয়ায় রভিনা তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। শোনা যায়, অক্ষয় তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রভিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরেই বিশ্বাস করেন এবং সম্পর্ক ভেঙে দেন।
যারা অক্ষয়-রভিনার সম্পর্ক জানতেন, তারা বলেন অক্ষয় নাকি এর পরেও চেয়েছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু ব্রেক-আপের পরেই অক্ষয়ের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বিষোদ্গার শুরু করেছিলেন রভিনা। তার সঙ্গে এনগেজমেন্ট করার সময়ে অক্ষয় আরও দু’জন অভিনেত্রীর সঙ্গে এনগেজ্ড ছিলেন— এই ধরনের অভিযোগও শোনা গিয়েছিল রভিনার মুখে। ‘যে মেয়েকে দেখেন, তার সঙ্গেই অক্ষয় এনগেজমেন্ট সেরে ফেলেন’ বা ‘মুম্বইয়ের ৭৫ শতাংশ মেয়ের বাবা এবং মা-কে অক্ষয় ‘মাম্মি-ড্যাডি’ বলে ডাকে’ বলে জানিয়েছিলেন রবিনা। এ ঘটনার পরে আর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেননি অক্ষয়।
সূত্র: এবেলা

Be the first to comment on "যে কারণে অক্ষয়ের ঘরণী হতেন পারলেন না রভিনা"