শিরোনাম

রাজশাহীতে আধাবেলা হরতাল চলছে

নিউজ ডেস্ক : রাজশাহীতে সামাজিক সংগঠন রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা হরতাল পালিত হচ্ছে। সিটি করপোরেশন বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর এলাকায় পালিত হচ্ছে এ হরতাল কর্মসূচি।

আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
দেখা গেছে, হরতালের কারণে রাজশাহী মহানগরীতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মোটরসাইকেলসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বর্তমানে মহানগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত হয়েছে।

রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। ট্যাক্স আদায়ে প্রতিষ্ঠানটি তার নিজের অবস্থানেই অনড় রয়েছে। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও ওষুধবাহী গাড়ি ও সংবাদপত্রসহ জরুরি পরিবহন হরতালের আওতামুক্ত রয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে আধাবেলা হরতাল চলছে"

Leave a comment

Your email address will not be published.


*