নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিশুশ্রম বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে শতভাগ শিশুশ্রম বন্ধের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।
আজ রবিবার দুপুরে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ‘বিভাগীয় শিশু কল্যাণ পরিষদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন ‘মানবাধিকারের কথা বলার আগে নিজের বাসার গৃহকর্মীর খোঁজ নিতে হবে। তারও মানবাধিকার আছে। সে মানবাধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। কোনো কোনো মানবাধিকারকর্মীর বাসাতেই গৃহকর্মীর মানবাধিকার লঙ্ঘিত হয়। তবে সব মানবাধিকারকর্মীর বাসাতে এমন ঘটে না বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসাইন, কলকারখানা অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, শিশু অধিকার ফোরামের সভাপতি এমরানুল হক চৌধুরী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমূখ।
সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা।
পরে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে রিনা বেগম নামে এক নারী শ্রমিককে ৩০ হাজার, নুরুল ইসলাম নামে এক শ্রমিককে ২৫ হাজার ও সুমা খাতুন নামে কারখানায় আগুনে পুড়ে নিহত এক শ্রমিকের পরিবারবে দুই লাখ টাকার চেক তুলে দেন।

Be the first to comment on "রাজশাহীতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী"