নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে মতবিনিময়ের নির্ধারিত সময় পরিবর্তনের আবেদন জমা দিচ্ছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ। এর আগে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ২২ ডিসেম্বর মতবিনিময়ের জন্য জাসদকে সময় দেওয়া হয়েছিল।
ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের এক সম্মেলনে আজ জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই সম্মেলনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় জাসদের পক্ষ থেকে এই সময়ের আবেদন করা হচ্ছে। জাসদের কয়েকটি সূত্র আজ রবিবার কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহ দপ্তর সম্পাদক আজ দুপুরের মধ্যে সময় পরিবর্তনের আবেদনটি বঙ্গভবনে জমা দেবেন বলে নিশ্চিত করেছে সূত্র।
জাসদের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের এক সম্মেলন শেষে আগামী ২৩ ডিসেম্বর দেশে ফিরবেন। এই সম্মেলনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে মতবিনিময়ের সময় দেওয়া হতে পারে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে মতবিনিময়ের জন্য অনধিক ১০ জনের একটি প্রতিনিধিদলের তালিকা চাওয়া হলেও ১২ জনের নামের তালিকা দেওয়া হচ্ছে। এ তালিকায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পদক শিরিন আখতার এবং সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, লুতফা তাহেরসহ কেন্দ্রীয় নেতারা স্থান পেয়েছেন।

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময়ের সময় পরিবর্তনে আবেদন করবে জাসদ"