শিরোনাম

শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির স্থানীয় একটি অফিসে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যা করেছে হামলাকারীরা। বুধবারের এ ঘটনায় চার হামলাকারীর সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার।

নিজেদের প্রধান সংবাদ ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ওই দিন বিকেল ৫টার কিছুক্ষণ আগে শিনজিয়াংয়ের উইঘুর এলাকার কারাকাস্ কাউন্টিতে এ ঘটনা ঘটে। চার দুর্বৃত্ত স্থানীয় কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি বোমার বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাদের সবাইকে গুলি করে মারা হয়।

এ ঘটনায় আরো একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ঘটনার পর স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। তবে শিনজিয়াং সরকার যে বিবৃতি দিয়েছে তার বাইরে আর কিছু জানায়নি তারা। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন।

অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করেছে চীন সরকার। অপরদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলো অস্থিরতার জন্য উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপকে দায়ী করেছে। শিনজিয়াংয়ে কোনো দমনপীড়ন চালানোর কথা অস্বীকার করেছে চীন।

 

 

basic-bank

Be the first to comment on "শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*