নিউজ ডেস্ক : আজ শনিবার ভিসেন্তে কালডেরোনে লা লিগার শেষ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচটিকে সামনে রেখে অ্যাতলেতিকোর স্মৃতিতে জ্বলজ্বল করছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নগর প্রতিপক্ষের কাছে পরাজয়ের ক্ষত। ওই ক্ষত মুছতে অতিথিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তারা।
যদিও হাই ভোল্টেজ ম্যাচটিকে সামনে রেখে খুব একটা স্বস্তিতে নেই রিয়াল ও অ্যাতলেতিকো। ইনজুরিতে ভুগছেন অ্যাতলেতিকোর শীর্ষ গোলদাতা অ্যান্টনিও গ্রিজম্যান ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।
গত মে মাসে ইউরোপীয় কাপে সর্বশেষ লড়াইয়ে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। যে কারণে সফরকারী প্রতিবেশী দলটির ওপর এমনিতেই চড়াও হয়ে আছে দিয়েগো সিমিওনের দল। তাদের সামনে এর চেয়ে বেশি গুরুতর হয়ে দেখা দিয়েছে লা লিগায় অবস্থানের পার্থক্য। অ্যাতলেতিকোকে ৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। যে কারণে তাদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি লিগে নিজেদের অবস্থানকে আরো সংহত করে তুলতে চায় অ্যাতলেতিকো।
স্বাগতিক অধিনায়ক গ্যাবি বলেন, ”আগের পরাজয়ের ক্ষত এখনো শুকিয়ে যায়নি। এটিকে আমরা কখনও ভুলতে পারব না। সেটি ছিল আমাদের জন্য খুবই কষ্টদায়ক মুহূর্ত। অ্যাতলেতিকোর সমর্থকদের দিকে তাকিয়ে এ বিষয়ে সবাই আরো বেশি আগ্রাসী হয়ে আছে।”
দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম কালেডোরেন ছেড়ে আগামী সেশন থেকে নবনির্মিত লা পিনেটা স্টেডিয়ামে স্থানান্তরিত হবে অ্যাতলেতিকো মাদ্রিদ। তা ছাড়া সর্বশেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে আরো বেশি তেতে রয়েছে অ্যাতলেতিকোর খেলোয়াড়রা। যে কারণে শিরোপার লড়াইয়ে ফিরে আসার জন্যও দলটির জয় প্রয়োজন বলে মনে করেন গ্যাবি। তিনি বলেন, ”কালেডোরেনে এটি হবে লা লিগায় সর্বশেষ ডার্বি। আর সে ক্ষণটিকে বিশেষ মর্যাদা দিতে ম্যাচটিকে আরো চ্যালেঞ্জিং করে তুলতে চাই আমরা। যদি জয়লাভ করতে পারি, তাহলে আমরা আরো বেশি লড়াইয়ে অবতীর্ণ হতে পারব।”
বাঁ পায়ে সামান্য চোট নিয়ে ফ্রান্সের আন্তর্জাতিক দায়িত্ব পালন শেষে ক্লাবে ফিরেছেন গ্রিজম্যান। তবে খেলা শুরু করার আগে অন্তত এক সপ্তাহ অনুশীলনে কাটাতে হতে পারে তার। ইনজুরির দিক দিয়ে অ্যাতলেতিকোর চেয়েও বেশি সমস্যায় রয়েছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ডার্বির সময় নিশ্চিতভাবে সাইডলাইনে থাকতে হবে টনি ক্রস, ক্যাসেমিরো এবং অ্যালভেরো মোরাতাকে। অপরদিকে হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ প্রায় একমাস ধরে খেলতে পারছেন না রামোস। ডিফেন্সিভ মধ্যমাঠে তার নিয়মিত জুটি পেপের প্রত্যাবর্তনও নিশ্চিত নয়। তবে পুরোপুরি ফিট আছেন লুকা মড্রিচ, যাকে রিয়ালের সেরা খেলোয়াড় হিসেবে সার্টিফিকেট দিয়েছেন গ্যাবি। দুই মাসের মধ্যে প্রথমবারের মতো শুরু থেকে মাঠে থাকতে পারেন তিনি।
বিগত তিন মৌসুমে সিটি ডার্বিতে একবারও হার মানেনি অ্যাতলেতিকো। উল্টো লা লিগায় জিনেদিন জিদানের একমাত্র হারটি ঘটেছে তাদের কাছে। গত ফেব্রুয়ারিতে সান্তিয়াগো বার্নব্যুতে ১-০ গোলে পরাজয় বরণ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
এদিকে দুই শীর্ষ দলের লড়াইয়ের সুযোগে বার্সেলোনার সামনে এখন অপেক্ষা করছে ফের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি। শনিবার ক্যাম্প ন্যুতে তারা আথিথেয়তা দিবে মালাগাকে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে গত মাসে খারপ সময় পার করে ডিপোর্তিভো লা কারুনাকে ৪-০ গোলে পরাজিত করেছিল কাতালানরা। তবে কালকের ম্যাচেও দলের দক্ষিণ আমেরিকার তারকাদের কাছ থেকে খুব একটা সুবিধা আদায় করার সুযোগ কম। লুই সুয়ারেস নিষিদ্ধ রয়েছেন। আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ শেষে গত বৃহস্পতিবার ক্লাবে ফিরেছেন যথাক্রমে লিওনেল মেসি ও নেইমার। সুয়ারেসের অনুপস্থিতিতে বার্সার মূল একাদশে থেকে সূচনা করবেন প্যাসো আলকাসার। গত আগস্টে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দেওয়া এই তারকা এখন পর্যন্ত ক্লাবের হয়ে গোলের দেখা পাননি। তবে চোট কাটিয়ে দলে ফেরা জেরার্ড পিকে ও জর্ডি আলবা সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারেন।

Be the first to comment on "শেষ ডার্বিতে রিয়ালের বিপক্ষে প্রতিশোধ চায় অ্যাতলেতিকো"